চট্টগ্রামে দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রতিবেদক সাহিদুল ইসলাম মাসুমকে থানার হাজতে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
সাংবাদিক মাসুম অভিযোগ করেন, পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের খবর সংগ্রহে গিয়ে তিনি ফুটেজ ধারণ করছিলেন। এসময় ওসি বাবুল আজাদ তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ জানালে পুলিশ কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান।
পরে সাংবাদিকরা থানায় গেলে সেখানে কথোপকথনের একপর্যায়ে ওসি তাকে টেনে হিঁচড়ে হাজতে আটকে রাখেন। প্রায় ২০ মিনিট পর আবার টেনে বের করে দেন।
এ বিষয়ে জানতে ওসি বাবুল আজাদকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এবং সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) কাজী মো. বিধান আবিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কেউ বিস্তারিত মন্তব্য করেননি।
খবরওয়ালা/আশ



