চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ তিন ঘণ্টা পর শেষ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে আজ রবিবার সকাল থেকে লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া এলাকায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অবরোধ কর্মসূচিতে অংশ নেন। সকাল ৯টা থেকে লোহাগাড়া–সাতকানিয়া এবং সকাল ১০টা থেকে চকরিয়ায় অবরোধ চলতে থাকে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়ে কক্সবাজারমুখী পর্যটক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দুটি লেনের এ মহাসড়কে সবসময়ই যানবাহনের চাপ থাকে এবং সড়ক সরু হওয়ায় দুর্ঘটনাও ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে বহু মানুষ স্লোগান দিয়ে ছয় লেনের দাবি জানান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রশাসনের আশ্বাস পাওয়ার পর দুপুর ১২টায় লোহাগাড়ার অবরোধ প্রত্যাহার করা হয়। সাতকানিয়ার ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মহাসড়ক সম্প্রসারণের প্রক্রিয়া চলমান এবং দরপত্রের অপেক্ষায় রয়েছে—তথ্যটি জানতে পেরে আন্দোলনকারীরা কেরানীহাটের অবরোধ তুলে নেন।

চকরিয়ার মাতামুহুরি সেতু এলাকায় ব্যানার নিয়ে অবস্থানকারীরা দাবি আদায় ছাড়া সরে না যাওয়ার কথা জানালেও পরে প্রশাসনের আশ্বাসে বেলা পৌনে ১টার দিকে সড়ক ছাড়েন। ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান জানান, মহাসড়ক ছয় লেনের জন্য সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে—এ তথ্য আন্দোলনকারীদের জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।