চলে গেলেন ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে’ গানের রচয়িতা বাউল খোয়াজ মিয়া

‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’ জনপ্রিয় এই বাউল গানের পদকর্তা বাউল খোয়াজ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। তিনি ‘জ্ঞানের সাগর’ ফকির দুর্বিন শাহর শিষ্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন সংগীতশিল্পী আকাশ গায়েন।

১৯৪২ সালের ১২ মার্চ বাউল খোয়াজ মিয়া জন্মগ্রহণ করেন। বাবা মৌলভি আজিজুর রহমান ও মা আছতুরা বিবির ঘরে জন্ম নেওয়া খোয়াজ শৈশব থেকেই ছিলেন সংগীতপ্রেমী। পড়াশোনার চেয়ে বাঁশি বাজানো ও গান গাওয়ার প্রতি তাঁর অনুরাগ ছিল প্রবল। পরিবার থেকে নিষেধাজ্ঞা থাকলেও তিনি গ্রামগঞ্জে গান গেয়ে বেড়াতেন। ১৯৬২ সালে তিনি মরমি সাধক দুর্বিন শাহের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গানের মধ্যে আধ্যাত্মিক দর্শন ও মানবতাবাদী বার্তা তুলে ধরতে শুরু করেন।

খোয়াজ মিয়ার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘আমার ভয় লাগিল মনেরে, ভয় লাগিল মনে, আমায় কোনদিন ধরিয়া নিবো যমে’, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’, ‘যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভুবন-মোহন রূপ তোমারই, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’সহ অসংখ্য জনপ্রিয় গানের পদকর্তা তিনি।
আজ শুক্রবার সকাল ১০টায় দৌলতপুর আদর্শ উচ্চবিদ্যালয় এবং কলেজ মাঠে প্রয়াত বাউল খোয়াজ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।