চলে গেলেন শিক্ষাবিদ যতীন সরকার

বাম বুদ্ধিজীবী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিক্ষাবিদ যতীন সরকার আর নেই। আজ বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন যতীন সরকার। গত জুনে পড়ে গিয়ে ঊরুর হাড়ে আঘাত পান তিনি। এরপর ঢাকায় চিকিৎসা শেষে গত সপ্তাহে ময়মনসিংহে নেওয়া হয় এবং সেখানেই আইসিইউতে ভর্তি ছিলেন।

যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক ছিলেন এবং দীর্ঘকাল সাহিত্যচর্চা ও বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ উদীচীর ময়মনসিংহ কার্যালয়ে নেওয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

লেখক হিসেবে যতীন সরকার অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ২০১০ সালের স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার এবং মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসরে যান তিনি। অবসরের পর স্ত্রী কানন সরকারকে নিয়ে নিজ জেলা নেত্রকোনায় ফিরে যান এবং শহরের সাতপাই এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।