খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দশানী বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি মোহনপুর গ্রামে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গোপালকান্দি গ্রামের ইশান (১৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই গ্রামের আরও দুই তরুণ হাসান (১৬) ও সাফায়েত (১৬) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মোহনপুর থেকে গোপালকান্দি ফেরার পথে দশানী বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বৃদ্ধ বোরহান উদ্দিনের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় একজন নিহত এবং চালকসহ কয়েকজন আহত হয়েছেন। চালককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/টিএসএন