চাঁদা না দেয়ায় বিএনপি নেতার নেতৃত্বে চিকিৎসকের ওপর হামলা, ফেসবুক লাইভে এসে রক্ষা

চট্টগ্রামে বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে মোহাম্মদ ইকবাল নামের এক চিকিৎসকের ওপর হামলা করা হয়েছে। হামলা থেকে বাঁচতে ওই চিকিৎসক একটি বাড়ির চারতলায় উঠে ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

ইকবালের পারিবারিক সূত্র জানায়, ইকবাল রাহাত্তার পুল নুর বেগম জামে মসজিদের কাছে একটি বাড়ি নির্মাণ করছিলেন। ওই বাড়ি নির্মাণে স্থানীয় কিছু বিএনপি নেতা ইটবালি সরবরাহের জন্য তার কাছে ‘আবদার’ করেন। এতে রাজি না হওয়ায় চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার বিকালে স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে কয়েকজন ইকবালকে মারধর করেন।

ফেসবুক লাইভে ওই চিকিৎসক বলেন, আমাকে বিএনপির সন্ত্রাসী হারুনসহ তার সহযোগীরা মারধর করেছে। আমাকে মেরে ফেলার জন্য খুঁজতেছে। আমি এখন ঘরে লুকিয়ে আছি। আমি ৯৯৯ এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে, এখনও কেউ আসেনি। আমার ভাগিনা-ভাগনীদেরকে নিয়ে গেছে। আমাকে বাঁচান। আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমার চোখ দিয়ে রক্ত পড়ছে। আমার চশমা ভেঙ্গে গেছে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ওই চিকিৎসক যেখানে বাড়ি নির্মাণ করছেন সেখানে প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে বিরোধ ছিল। তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (চউক) অভিযোগ দিলে চউক ওই বাড়ির নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। এরপরও নির্মাণ কাজ চালানোর কারণে অভিযোগকারীরা এসে বাধা দেয়।

এ সময় হাতাহাতিতে তিনি আহত হন। ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতি জানানোর খবর পাওয়ার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ অনেকটা জোর করেই ধাক্কা দিয়ে তিনি যে রুমে লুকিয়ে ছিলেন সেই রুমের দরজা খুলেছে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় মামলা হয়নি। ভিকটিম এসে অভিযোগ দিলে তিনি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।