চালের মূল্যবৃদ্ধি ও সার্বিক মূল্যস্ফীতি— ‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’

ঈদুল আজহার পরপরই চালের দামসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সার্বিক মূল্যস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক’ (খানি)। মঙ্গলবার (১ জুলাই) ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও নোয়াখালীতে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

“ভাতের পাতে স্বস্তি ফেরাও” স্লোগান নিয়ে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বোরো মৌসুমে চালের উৎপাদন ভালো হলেও বাজারে এর প্রভাব পড়েনি। পরিকল্পনা কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য মূল্যস্ফীতিতে চালের মূল্যবৃদ্ধির অবদান ছিল প্রায় ৪০ শতাংশ।

ময়মনসিংহের ফুলপুর থানার সামনে আয়োজিত কর্মসূচিতে কৃষক, শ্রমজীবী মানুষ, সাংবাদিক, অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কৃষক জহর আলী বলেন, ‘যে ভাত আমরা ফলাই, তা সস্তায় মহাজনের কাছে বেইচা আবার আমরা চড়া দামে কিন্না খাই। আমাদের দেখার কেউ কি নাই?’

রিকশাচালক সিকান্দার বলেন, ‘সারাদিনে যা আয় করি, তার অর্ধেক যায় চালে। আমরা ৪০ টাকা কেজিতে চাইল কিনবার চাই।’

নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে খানির সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ বলেন, ‘আয়-ব্যয়ের ভারসাম্য না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদের খাদ্যতালিকা থেকে মাছ, মাংস, ডাল, সবজি বাদ দিয়ে শুধু ভাত খাচ্ছেন, যা পুষ্টিহীনতা তৈরি করছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

জাতিসংঘের খাদ্য সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর ৩৬ শতাংশ নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারছেন না। এমন বাস্তবতায় খানি স্থানীয় পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে।

খানির পাঁচ দফা দাবি হলো:
১. কৃষকের কাছ থেকে সরকারের সরাসরি চাল ক্রয়ের পরিসর বাড়ানো।
২. দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু।
৩. বাজার, উৎপাদন ও মূল্যনির্ধারণে ক্ষুদ্র কৃষকের স্বার্থরক্ষা।
৪. টিসিবি ও ওএমএস-এর আওতা বাড়িয়ে প্রয়োজনভিত্তিক সহায়তা।
৫. বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও চালের দাম নিয়ন্ত্রণে আনা।

বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত মানববন্ধনে ক্যাব সম্পাদক রণজিৎ দত্ত বলেন, ‘মিল পর্যায়ে খরচ বৃদ্ধি, ধানের দামে অস্থিরতা ও অবৈধ মজুতদারির কারণে চালের দাম বাড়ছে। কৃষক ন্যায্য দাম পাচ্ছে না, আবার ভোক্তা কিনছে চড়া দামে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের খাদ্যনিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়বে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, জনগণের খাদ্য অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।