খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
সিলেট নগরের কাজির বাজারে চা দিতে দেরি হওয়ায় বাগ্বিতণ্ডার জেরে এক রেস্তোরাঁ কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে মাছের আড়তসংলগ্ন একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
নিহতের নাম দিনার আহমেদ ওরফে রুমন (২২)। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ আলীর ছেলে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে কাজির বাজার এলাকার নিরঞ্জন ঘোষের রেস্তোরাঁয় কাজ করছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি চা খেতে রেস্তোরাঁয় যান। চা পরিবেশনে দেরি হওয়ায় কর্মচারী দিনারের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। তবে তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁ মালিক ও আশপাশের লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ওই যুবক সেখান থেকে চলে যান।
কিন্তু কিছু সময় পর তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফের রেস্তোরাঁয় গিয়ে অতর্কিতে দিনারকে ছুরিকাঘাত করেন। পরে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দিনারকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনারের বড় ভাই রেজু আহমদ বলেন, ‘আমার ভাই দিনার নিরীহ ছিল। চা দিতে দেরি হওয়ায় কথাকাটাকাটির জেরেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
খবরওয়ালা/এন