খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ই জুলাই ২০২৫, ৯:৭ পিএম
সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় ৮ ঘণ্টা পর রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়ক ছেড়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে সিএনজিচালকরা ‘ঢাকা-থ’ সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য জোটের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়।
এই সময় অনেক সিএনজিচালক কাফনের কাপড় পরে অবরোধে অংশগ্রহণ করেছেন। তবে, তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন, অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
চালকরা তাদের দাবির মধ্যে মেট্রোপলিটন এলাকায় ঢাকা মেট্রোর রেজিস্ট্রারকৃত সিএনজির পাশাপাশি ঢাকা জেলার অন্যান্য এলাকার সিএনজিকেও মেট্রো এলাকায় চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান। বর্তমানে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার রেজিস্ট্রারকৃত সিএনজি চলাচল করে। তবে অন্যান্য এলাকার অসংখ্য সিএনজি চলাচল করতে পারছে না।
বিক্ষোভকারীদের দাবি, এসব সিএনজির চলাচলেও কোনো ধরনের মামলা দেওয়া উচিত নয়।
খবরওয়ালা/আরডি
মন্তব্য