চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের চাংদে শহরের কাছে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। নিহতদের সবাই শানঝৌ ফায়ারওয়ার্কস কোম্পানির কর্মী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া মঙ্গলবার (১৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

বিস্ফোরণটি ঘটে সোমবার (১৬ জুন) সকালে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পাঠানো হয় ২৮টি পানি সরবরাহকারী ট্যাংকার ও দুটি নিষ্কাশন যান। তবে দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা থাকায় উদ্ধার কার্যক্রম ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সিনহুয়া জানায়, ২০ ঘণ্টার বেশি সময় ধরে টানা উদ্ধারকাজ চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে রিমোট-কন্ট্রোল ওয়াটার ক্যানন ব্যবহার করেন উদ্ধারকর্মীরা, যাতে তারা দূর থেকে কাজ করে ঝুঁকি এড়িয়ে যেতে পারেন।

হুনান প্রাদেশিক সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনে এর আগেও বিভিন্ন সময় শিল্পকারখানায় নিরাপত্তা ত্রুটির কারণে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

গত মাসে, শানডং প্রদেশের ওয়েইফাং শহরের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত হন এবং আহত হন ১৯ জন।

এপ্রিল মাসে, লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন প্রাণ হারান।

চীনে শিল্প নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনায়।

 

Z চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।