চ্যাম্পিয়নস ট্রফির ফরম্যাট বিশ্বকাপের চেয়েও বেশি চ্যালেঞ্জিং: বাভুমা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডে ফরমেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই  টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে ৮ টি দল। হাতে সময় মাত্র আর সপ্তাহ খানেক বাকী। এরই মাঝে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। আয়োজনে, আকারে, দর্শক আগ্রহে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ হলেও মাঠের খেলায় বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস ট্রফিকে বেশি কঠিন মনে করেন টেম্বা বাভুমা। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।’

২০২৩ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০ দল। টুর্নামেন্ট ছিল লিগ পদ্ধতির। প্রতিটি দল ৯ ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছে। পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দল উঠেছিল সেমিফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ দল নিয়ে একটা করে গ্রুপ হওয়ায় প্রতি দলের জন্য সুযোগ মাত্র ৩ ম্যাচের। গ্রুপের চার দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে পারলেই শুধু সেমিফাইনাল খেলা যাবে, এক ম্যাচ হারলেই তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে। বড় প্রভাবক হয়ে উঠতে পারে রান রেটও। 

দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মতে, এই পদ্ধতিই  টুর্নামেন্টটিকে বিশ্বকাপের চেয়ে বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে।

দক্ষিণ আফ্রিকার জন্য ভালো দিক হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আগেই পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের অংশ দক্ষিণ আফ্রিকা, যে সিরিজে আজ নিজেদের প্রথম ম্যাচটি খেলতেও নেমেছে প্রোটিয়ারা। বাভুমাও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য ভালো সুযোগ হিসেবেই দেখছেন, ‘এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে তরুণদের জন্যও এটা ভালো একটা মঞ্চ।’ 

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফিতে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের বাকী দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলবে প্রোটিয়ারা।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।