খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় মিনিবাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লাল হুজুরের বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ঝিনাইগাতী যাওয়ার পথে পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে মিনিবাসটির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/টিএসএন