খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫
বাংলাদেশে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং কিছু আমলার সমন্বয়ে ’বাংলাদেশি জাতীয়তাবাদকে’ আদর্শ হিসেবে গ্রহণ করে ‘সাম্য ন্যায্যতা প্রগতি’ স্লোগান নিয়ে ‘জনতার দল’ নামে এই নতুন রাজনৈতিক দল যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার ২০ মার্চ রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করেছে দলটি।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল এই দলের আহ্বায়ক। মেজর (অব.) ডেল এইচ খানকে দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র করা হয়েছে। দলটির আহ্বায়ক ও সমন্বয়ক ছাড়া আর কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি। জনতার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ঈদের পর।
দলের শীর্ষ নেতৃত্ব জানান, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলেও নতুন দলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণ থাকবে। জনতার দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। যাঁদের নিয়ে সমাজে বিতর্ক নেই— এমন ব্যক্তিদের প্রার্থী করতে চান নেতারা।
এই দলের বেশির ভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা; তাঁদের সঙ্গে আছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাঁদের মধ্যে গণমাধ্যমের মালিকানা আছে, এমন ব্যবসায়ীও আছেন।
বৃহস্পতিবার জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।
দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, ‘আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। আমরা শুধু সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই।
জনতার দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দল ঘোষণার আগে কয়েক মাসে দেশের বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। তাঁদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ছাড়াও জাতীয় পার্টি, গত সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। দলটি আত্মপ্রকাশের জন্য ৭ মার্চ ঢাকা ক্লাবে ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে দেশের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/ এমএজেড