পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তাঁর ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা নামের নিজ বাসা থেকে বর্ষাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর পরিবারের সদস্যদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, জুবায়েদ নিয়মিত বর্ষার বাসায় গিয়ে তাকে পড়াতেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টিউশনি করতে গিয়ে বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালে পাঠায়।
লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।”
ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও পিবিআই দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে।
খবরওয়ালা/আশ



