জমি পাহারা দেওয়ার মতো করে ভোটকেন্দ্রও পাহারা দেওয়ার পরামর্শ সিইসির

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নিজের জমি পাহারা দেওয়ার মতো ভোটকেন্দ্রও পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাসির উদ্দীন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় এক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সিইসি নাসির উদ্দীন বলেন,‘ আপনারা যেভাবে নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন। দরকার হলে সবাইকে ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’

তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে বাধাপ্রদান ও মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এ সব অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না। 

আগামীতে সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। যাতে নির্বাচন সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন কারও হুকুম মতো চলবে না। এমনকি সরকারের চাহিদানুযায়ীও চলবে না কমিশন। আইন যে ক্ষমতা দিয়েছে কমিশন সে অনুযায়ী ষোলোআনা চলবে। নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করে না এবং করবে না। এটাই কমিশনের অঙ্গীকার।

এর আগে সকাল সাড়ে ১১ টায় কুতুবদিয়া দ্বীপের সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজ বাড়ীতে পৌঁছেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন প্রমুখ। 

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।