জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
গত ২৪ নভেম্বর, সোমবার রাতে এক প্রতিবাদলিপিতে অ্যাসোসিয়েশন জানায়—সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর তাদের নজরে আসে। বিবৃতিতে বলা হয়, এই বক্তব্য উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ এবং পুলিশের প্রতি অবমাননাকর।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে এক সমাবেশে প্রশাসন নিয়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে আনতে হবে; তাঁদের কথামতো ওঠা–বসা, গ্রেপ্তার ও মামলা করার নির্দেশ পালন করতে হবে। এমনকি থানার ওসি সকালে তাঁর অনুষ্ঠানের খোঁজ নিয়ে প্রটোকল দেবেন বলেও মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি করেছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের প্রতিবাদলিপিতে উল্লেখ করে, সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়। গত ১৭ বছরে পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানটির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে, যার ফলে জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর পুলিশ আগের তুলনায় আরও নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছে।
অ্যাসোসিয়েশন আরও জানায়, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কোনো দল বা মতের পক্ষে অবস্থান না নিয়ে দায়িত্ব পালন করছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সময় শেষ—বর্তমানে পুলিশ আইন, বিধি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাসী।
খবরওয়ালা/টিএসএন



