খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিএনপির শোভাযাত্রার আগে মন্তব্য করেছেন, যে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখছিলাম, একটি দল যারা ধর্মকে ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করে এবং বেহেশতের টিকিট দেয়, তারা আজকের মিটিংয়ে বলেছে যে একটি বড় দল দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশে বলছি, আসল ষড়যন্ত্রকারীরা তারা। বিএনপির কখনও এমন ষড়যন্ত্রের ইতিহাস নেই। কিন্তু তারা বারবার দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ১৯৪৭ এবং ১৯৭১ সালেও তারা জনগণের বিপক্ষে কাজ করেছে এবং এখনও জনগণের বাইরে রয়েছে।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘যদি কেউ এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বিএনপি মাঠে নামলেই আপনাদের ট্যাবলেট খাওয়ার সময়ও পাওয়া যাবে না। আমরা সতর্ক করে দিচ্ছি।’
এর আগে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি বের করে বিএনপি। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, ৭ নভেম্বরের মতোই দেশের সব কঠিন সময়ে বিএনপি দায়িত্বশীলভাবে এগিয়ে থাকবে। দিবসটি উপলক্ষে আগামী ১০ দিনের বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে দলটি।