খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 30শে শ্রাবণ ১৪৩২ | ১৪ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটির মা তাকে নিয়ে নানির বাড়িতে বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে ঘরে কাজ করছিলেন তিনি। এ সময় পরিবারের অগোচরে বিছানায় থাকা চানাচুর মুখে দেয় সুমাইয়া। এতে চানাচুর গলায় আটকে যায়। বাড়ির লোকজন তা বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান জানান, গলায় খাবার আটকে পড়া অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
খবরওয়ালা/টিএসএন