খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫
জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ শহীদ ও ১৪ হাজারের বেশি আহতদের জন্য ২০২৫-২৬ আসন্ন জাতীয় বাজেটে অনুদান বরাদ্দের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। তাছাড়া আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহত শিক্ষার্থীদের জন্য আগামী অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি রাখার সুপারিশও করেছে সংস্থাটি।
রবিবার (১৬ মার্চ) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বাজেট সুপারিশ উপস্থাপনের সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এসব কথা বলেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয়ের প্রতিবেদনকে উদ্ধৃত করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘জুলাই আন্দোলনের সময় প্রায় এক হাজার ৪০০ জন নিহত এবং ১৪ হাজার ২৫ জন আহত হন।’
গণঅভ্যুত্থানে আহত বা অঙ্গ হারানো যারা এখনো স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি, এই ডিগ্রি সম্পন্ন করা পর্যন্ত তাদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে একটি বৃত্তি কর্মসূচি চালু করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে সিপিডি।
এছাড়াও, সিপিডি আসন্ন বাজেটে ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করার সুপারিশ করেছে।
পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য করপোরেট করের হার বিদ্যমান ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছে তারা।
আমদানি করা বিদেশি বইয়ের ওপর সমস্ত কর অব্যাহতি দেওয়ার পরামর্শও দিয়েছে সিপিডি