জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও-কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহত ও আহতদের পরিবার।

সোমবার (১২ মে) সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষুব্ধরা বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা শহীদ বা আহত পরিবারের কেউ নন। বরং তারা জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারী শাসকদের সহযোগী ছিলেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা পদ পেয়েছেন, আজ তারাই আমাদের অবমূল্যায়ন করছেন। তিনি দাবি জানান, ফাউন্ডেশনের সকল গুরুত্বপূর্ণ পদে যেন শহীদ পরিবার থেকেই নিয়োগ দেওয়া হয়।

শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, আমরা চাই যোগ্য ও প্রাপ্য মানুষরা—শহীদ ও আহতদের পরিবার—এই ফাউন্ডেশনে দায়িত্ব পাক।

কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভা শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অভিহিত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তারা বলেন, শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।

তারা জানান, দীর্ঘদিন ধরে কোনো সাধারণ সভা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।

নিহত পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।