খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে সংগীত সফরে রয়েছেন। সেখানে তার কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, ফিলাডেলফিয়ার কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে প্রদান করা হবে।
জেমস গত মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। আগামী ২৫ জুলাই তিনি ফিলাডেলফিয়ায় দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করবেন। ওই কনসার্ট, যার শিরোনাম ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’, এর টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সাহায্যে প্রদান করা হবে। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট তাদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।
রিভারাইন এন্টারটেইনমেন্ট তাদের পোস্টে লিখেছে, “ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত। আমরা তাদের পাশে আছি। নগর বাউল জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।”
এদিকে, বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগর বাউল জেমস তার ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা এবং তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”
খবরওয়ালা/আরডি