খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে শ্রাবণ ১৪৩২ | ২৩ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দেশের খাদ্য নিরাপত্তা ও বাণিজ্য ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্টের সাথে ব্যবসা বাড়ানো এবং শুল্ক কমানোর বিষয়ে দরকষাকষির সুবিধায় কিছুটা বেশি দামেই গম কেনা হচ্ছে।
তিনি বলেন, ‘দেড় লাখ টনের মতো সার আমদানি করা, বিভিন্ন টিএসপি, এমওপি এগুলোর ক্রয় অনুমোদন করেছি। ২ দশমিক ৫ মিলিয়ন টন গম আমেরিকা থেকে আনার বিষয়টি অনুমোদন করেছি।’
তিরি আরও বলেন, আগামী সপ্তাহে বাণিজ্য উপদেষ্টা শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনা করতে আবার যুক্তরাষ্টে যাবেন।
এছাড়া, পহেলা আগস্টের আগেই আমেরিকা থেকে শুল্ক আরোপের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার আশা করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা।
এর আগে গত ২০ জুলাই, গম আমদানি করতে যুক্তরাষ্টের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। এই সমঝোতা অনুসারে, আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক দামে আমেরিকা থেকে প্রতি বছরে ৭ লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির কথা রয়েছে।