খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে হাসপাতালের খরচ মেটাতে নবজাতককে বিক্রি করে দিয়েছেন স্বামীহারা এক অসহায় মা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুরের পিয়ারলেস ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন সুমাইয়া নামের এক নারী। তবে হাসপাতালের বিল মেটানো এবং নগদ ৬৫ হাজার টাকার বিনিময়ে তিনি নবজাতকটি কুমিল্লার এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেন।
ক্লিনিক সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি দালালচক্র সক্রিয় ছিল এবং ক্লিনিকের এক নার্সের মাধ্যমেই নবজাতকটি হস্তান্তর করা হয়।
অসহায় মা সুমাইয়া জানান, চার মাসের গর্ভাবস্থায় স্বামীকে হারানোর পর দারিদ্র্যের কারণে কোথাও আশ্রয় পাননি তিনি। শেষমেষ নানির ঘরে ঠাঁই হয়। হাসপাতালের ব্যয় ও সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে নবজাতককে বিক্রি ছাড়া তার কোনো উপায় ছিল না।
পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক দাবি করেন, রোগীর চিকিৎসা সেবার বাইরে কী ঘটেছে তা তার জানা নেই। তবে স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও হেলেনা আক্তার নিপা বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারও সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
খবরওয়ালা/আশ