খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: 17শে চৈত্র ১৪৩১ | ৩১ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় টমটম পার্কিং নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত থেমে থেমে চলে এই সংঘর্ষ। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় মার্কেট করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীসহ উভয় প্রায় অর্ধশত আহত হয় বলে জানা যায়।
সংঘর্ষের পর পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয সূত্রে জানা গেছে, শহরের গদারবাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং করেন একজন চালক। এ ঘটনা নিয়ে মধু মিয়ার সঙ্গে পশ্চিম ভাড়াউড়া এলাকার কয়েকজন সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে মধু মিয়ার সঙ্গে টমটমচালকদের পক্ষে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনার মিয়ার হাতাহাতি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বেশ কয়েকটি টমটম ভাঙচুর করা হয়।
পরে টমটম চালকদের এলাকা পশ্চিম ভাড়াউড়া গ্রামে এই খবর পৌঁছালে রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শহরের দিকে কয়েক শ গ্রামবাসী হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল দিয়ে মধু মিয়ার বাসায় দিকে এগুতে থাকে।
সময় উপজেলার সবুজবাগ এলাকার জয় চৌধুরী নামে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সবশেষ মধু মিয়ার বাসায় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসময় যৌথ বাহিনী মহসিন মিয়া মধু, তার ছেলে মুরাদ হোসেন সুমন, চাচাতো ভাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আলকাছ মিয়াসহ মোট ১৪ জনকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তাস্তর করে।
শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মোট ১৪ জনকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে সাবেক মেয়রসহ ১৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, রোববার রাতে শহরে টমটম চালক, গ্রামবাসী ও সাবেক মেয়রের লোকজনের মধ্যে যে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মানুষের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী তলব করা হয়েছে। বর্তমানে শহরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
খবরওয়ালা/এমবি