খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শেখ সাঈদকে (৪৫) ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ভোরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ওসি জালাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি ভাড়া বাসা থেকে শেখ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি টয়লেটে লুকিয়ে ছিলেন।
ওসি জালাল উদ্দিন বলেন, শেখ সাঈদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, যুবলীগ নেতা শেখ সাঈদকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে দুপুরে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
খবরওয়ালা/এমবি