খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 16শে শ্রাবণ ১৪৩২ | ৩১ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ। এশিয়া কাপ শুরুর আগে বাড়তি প্রস্তুতির জন্য একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন)।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ শেষে প্রায় দুই সপ্তাহের বিরতি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বিশ্রামের এই সময়টাতেও অনেকেই রয়েছেন অনুশীলন ও জিম সেশনে ব্যস্ত।
বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে ডাচরা। পরিকল্পনা অনুযায়ী, ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে নেদারল্যান্ডস দল। এরপর ১৯ থেকে ২৫ আগস্ট সময়কালের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
এই সিরিজ দিয়েই এশিয়া কাপের প্রস্তুতির শেষ দিকের ঘষামাঝা সেরে নিতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন দল। তবে প্রস্তুতির সূচনা হয়েছে তারও আগে—শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর সিরিজ জিতে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগিয়ে রেখেছে টাইগার বাহিনী।
এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, “এশিয়া কাপের আগে আমরা চেষ্টা করেছি টেস্ট খেলুড়ে কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজন করতে, কিন্তু কারো সূচি মেলেনি। এরপর নেপাল, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করি। সেখান থেকে নেদারল্যান্ডস সম্মতি দিয়েছে। এখনো চূড়ান্ত হয়নি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
ডাচরা সিরিজ খেলতে ঢাকায় আসবে কি না, তা নির্ভর করছে তাদের বাজেট ও সফর পরিকল্পনার ওপর।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সেরা দুই দল যাবে সুপার ফোরে, যেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
এই টুর্নামেন্টকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় মঞ্চের প্রস্তুতি হিসেবে দেখছে বিসিবি। নেদারল্যান্ডসের বিপক্ষে এই প্রস্তুতি সিরিজও সেই বড় লড়াইয়েরই অংশ।
খবরওয়ালা/টিএসএন