টানা বৃষ্টিতে লংগদু বিচ্ছিন্ন, খাগড়াছড়িতে পাহাড় ধস; আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়

টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। দীঘিনালার মাইনি নদীর পানি বিপৎসীমার ওপরে উঠেছে, ফলে নিম্নাঞ্চল প্লাবিত এবং মেরুং ইউনিয়নের একাধিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

রবিবার (১ জুন) দুপুরে স্থানীয় প্রশাসন জানায়, দীঘিনালার হেডকোয়ার্টার এলাকার সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটি-লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া ও মেরুং বাজারের কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে। ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ৩৭টি পরিবার, যাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

এদিকে খাগড়াছড়ি জেলায় টানা বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। জেলার ধুমনীঘাট এলাকায় ভোররাতে পাহাড় ধসে মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। এছাড়া সদর উপজেলার ভূয়াছড়ি, গুগড়াছড়ি, ন্যান্সি বাজার ও আশপাশের এলাকায়ও পাহাড় ধস হয়েছে।

পাহাড় ধসের ঝুঁকিতে থাকা অন্তত ৫০০ জনকে জেলা সদরের শালবন এলাকার শিশু কল্যাণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানান, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের খিচুড়ি ও ডিম রান্না করে খাওয়ানো হচ্ছে এবং সদর উপজেলায় চারটি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, আলুটিলাসহ জেলার বিভিন্ন সড়কে পাহাড় ধসে মাটি পড়েছে, যা পরিষ্কার করার কাজ করছে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিস। দীঘিনালা-লংগদু সড়কের করইল্যাছড়ি এলাকাও সাময়িকভাবে বন্ধ ছিল।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পুরো জেলায় ১২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিংয়ের পাশাপাশি সরাসরি গিয়ে অনুরোধ করা হচ্ছে। যেসব মানুষ আশ্রয় নিয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা রাখা হয়েছে।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রশাসন ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।