খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আর টালবাহানা নয়, ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় সরাইল উপজেলা পরিষদের সামনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই নির্বাচনে সবার ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে।’
জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপিকে যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে সারা জীবনের সবচেয়ে বড় ভুল করছেন। শেখ হাসিনাও পারেননি। শত শত গুম, হাজার হাজার হত্যা, লাখ লাখ মামলার পরও আমাদের ঘরে আটকে রাখতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘ভালোই ভালোই বলছি, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে, সেই হবে প্রধানমন্ত্রী, সেই হবে এমপি।’
কর্মসূচিতে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/এন