খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ই আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম
হবিগঞ্জের মাধবপুরে টিয়া পাখি নিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করায় এক স্কুলশিক্ষিকা বন বিভাগের সতর্কবার্তায় পড়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হবিগঞ্জের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান মাধবপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসানকে ফোনে এ বিষয়ে সতর্ক করেন।
ওই শিক্ষিকার নাম তন্নী রহমান। তিনি মাধবপুর উপজেলার মাঝিশ্বাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
জানা গেছে, তন্নী রহমান তার ‘তন্নী ব্লগ’ নামের ফেসবুক আইডি থেকে নিয়মিত শিক্ষামূলক ভিডিও শেয়ার করেন। এর মধ্যে টিয়া পাখির একটি ভিডিও নিয়ে বন বিভাগের আপত্তি রয়েছে। বন বিভাগের মতে, এই ধরনের ভিডিও বন্যপ্রাণী পালনে অন্যদের উৎসাহিত করতে পারে এবং এটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর লঙ্ঘন। তাই বন কর্মকর্তা তাকে ভিডিওটি সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
শিক্ষিকা তন্নী রহমান জানান, টিয়া পাখিটি তার নয়। তিনি তার আত্মীয়ের বাড়িতে বেড়ানোর সময় পাখিটির সঙ্গে ছবি তুলেছিলেন। তিনি বন্যপ্রাণী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মনে করেন বন বিভাগ তাকে ভুল বুঝেছে।
হবিগঞ্জের পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, ওই শিক্ষিকা বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করেছেন এবং তিনি কোনো অপরাধের উদ্দেশ্যে এটি করেননি। তিনি আশা করেন শিক্ষিকা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করবেন।
হবিগঞ্জের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, টিয়া পাখির এমন ভিডিও অন্যদের বন্যপ্রাণী পালনে উৎসাহিত করতে পারে। তিনি শিক্ষিকাকে একটি পাল্টা ভিডিও দিয়ে জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার পরামর্শ দিয়েছেন। অন্যথায় তারা আইনের প্রয়োগ করতে বাধ্য হবেন।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য