টেকনাফে অপহৃত দুজনকে উদ্ধার করা যায়নি, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকা থেকে শনিবার(৫ এপ্রিল) রাতে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এখনো অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। তাঁদের মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা।

অপহৃত দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দা নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।

অপহৃত নুর কামালের স্ত্রী তৈয়বা বেগম বলেন, শনিবার রাত ৮টার দিকে তাঁর বাড়িতে ঢুকে স্বামী নুর কামাল ও ভাতিজা বেলালকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় ৫ জনের একটি পাহাড়ি সন্ত্রাসী দল। এরপর গতকাল রবিবার বিকেলে তাঁকে ফোন করে দুজনের মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেছেন অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে দুজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

টেকনাফের বাহারছড়ার ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, দুজনকে অপহরণের বিষয়টি জানার পরপরই পুলিশকে অবহিত করা হয়। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত অপহৃত দুজন উদ্ধার হননি।

জানতে চাইলে বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, ‘অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। এরপরও পুলিশের উদ্ধার অভিযান চলছে।’

 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।