টেলিভিশনে উচ্চ শব্দে বিজ্ঞাপন বন্ধে নতুন আইন

টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ উচ্চ শব্দে শুরু হয় কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন— এমন অভিজ্ঞতা প্রায় সবারই আছে। বিজ্ঞাপনের অতিরিক্ত শব্দে কান ঝালাপালা হয়ে যায়, বাধ্য হয়ে রিমোট হাতে শব্দ কমাতে হয়। এ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা।

বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের দর্শকরা অভিযোগ করে আসছিলেন— অনুষ্ঠান চলাকালে স্বাভাবিক শব্দমাত্রা থাকলেও বিজ্ঞাপন প্রচারের সময় শব্দ হঠাৎ বেড়ে যায়। এ নিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নতুন আইন প্রণয়ন করেছে ক্যালিফোর্নিয়া সরকার, যা রাজ্যের সব সম্প্রচারমাধ্যম ও স্ট্রিমিং সেবার জন্য প্রযোজ্য হবে।

নতুন আইনে স্বাক্ষর করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, “আমরা ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের বক্তব্য স্পষ্টভাবে শুনেছি— তারা বেশি শব্দে বিজ্ঞাপন শুনতে চান না। তারা যে অনুষ্ঠান উপভোগ করছিলেন, তার চেয়ে জোরে প্রচারিত বিজ্ঞাপন তাদের বিরক্ত করছে।”

আইনটি শুধু প্রচলিত টেলিভিশন বা কেবল নেটওয়ার্কের জন্য নয়; বরং নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাসসহ জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকেও আওতায় এনেছে। অর্থাৎ অনলাইনে অর্থ পরিশোধ করে দেখা এসব প্ল্যাটফর্মেও এখন থেকে বিজ্ঞাপনের শব্দ বাড়ানো যাবে না।

ক্যালিফোর্নিয়ায় গত সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হয়েছে। এর ফলে অঙ্গরাজ্যটির স্ট্রিমিং সেবাগুলোকেও এখন মেনে চলতে হবে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট লাউডনেস মিটিগেশন (CALM) আইনের নিয়মাবলি।

ওই আইনটি ওবামা প্রশাসনের সময় টেলিভিশন ও রেডিওর বিজ্ঞাপনে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রণীত হয়। এখন ক্যালিফোর্নিয়া রাজ্যে সেটির প্রয়োগ আরও সম্প্রসারিত হলো ডিজিটাল মাধ্যমেও— ফলে দর্শকদের টেলিভিশন বা অনলাইন দেখার অভিজ্ঞতা হবে আরও স্বস্তিদায়ক।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।