খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 7শে কার্তিক ১৪৩২ | ২২ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় কর্তব্যরত অবস্থায় নাজমুল (২৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ভৈরব থানায় যোগ দিয়েছিলেন।
জানা যায়, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রীকালীন জরুরি ডিউটিতে ছিলেন। ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে তারা একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় ভৈরবগামী দ্রুত ও বেপরোয়া গতির অজ্ঞাতপরিচয় একটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ধাক্কা খেয়ে বাম পাশে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহাবুর রহমান জানান, জরুরি ডিউটি চলাকালীন বেপরোয়া একটি অজ্ঞাতপরিচয় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
খবরওয়ালা/এমইউ