খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট ২০২৫
আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে কেন্দ্র করে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা চলছে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। তবে হোয়াইট হাউজ সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি।
এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউজ। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে আছে।
এর আগে শনিবার যুক্তরাজ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জরুরি বৈঠক করেন ইউরোপীয় নেতারা। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ফিনল্যান্ডের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, যেকোনো শান্তি আলোচনার আগে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং আলোচনায় অবশ্যই ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে হবে।
ট্রাম্প গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের সঙ্গে আলাস্কায় দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা দেন। সেখানে জেলেনস্কির উপস্থিতি নিয়ে কিছু উল্লেখ ছিল না। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের অনুরোধে বৈঠক মূলত দ্বিপাক্ষিক হলেও, ট্রাম্প উভয় নেতাকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা করতেও রাজি আছেন।
ইউরোপীয় নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, পুতিনের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ছাড়তে হতে পারে, যা রাশিয়ার আংশিক দখলে রয়েছে। তবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়গুলো এখনও পরিষ্কার নয়।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে। আন্তর্জাতিক সীমানা জোরপূর্বক পরিবর্তন করা যাবে না এবং অর্থবহ আলোচনা কেবল যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হতে পারে।
রোববার এক বক্তব্যে জেলেনস্কি বলেন, “আমাদের যুক্তি শোনা হচ্ছে, ঝুঁকিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।” তিনি আগেও বলেছিলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না এবং স্থায়ী শান্তির জন্য কিয়েভের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, “ইউক্রেনকে ছাড়া নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না।”
খবরওয়ালা/এন