ট্রেনে যাত্রায় এনআইডি বাধ্যতামূলক

আগামী ২৪ অক্টোবর থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাত্রা করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, অন্যের নামে কেনা টিকিটে আর কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা টিকিট বাণিজ্য ও কালোবাজারি কার্যক্রম বন্ধ হবে।

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, শুরুতে যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে, তবে এ নিয়ম বাস্তবায়িত হলে টিকিট কালোবাজারি প্রায় শূন্যে নেমে আসবে। একজনের নামে ইস্যুকৃত টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে না পারলে টিকিট বিক্রিতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত যাত্রীরা সুবিধা পাবেন।

অনেক দিন ধরেই সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ ছিল। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় অনলাইনে টিকিট পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিদের হাতে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক আকস্মিকভাবে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং টিকিট ব্যবস্থাপনায় কঠোরতা আনার নির্দেশ দেন।

এছাড়া জেলা প্রশাসন আরও জানিয়েছে, ১৮ অক্টোবরের পর থেকে নগরীর প্রধান সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবেন না, যাতে নগরবাসীর চলাচলে শৃঙ্খলা বজায় থাকে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।