খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 25শে ভাদ্র ১৪৩২ | ৯ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ভোটারকে আগে থেকে পূরণ করা ব্যালট সরবরাহ করার অভিযোগে অমর একুশে হলের পোলিং অফিসার ও কর্মকর্তা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্জন হলের দোতলায় অবস্থিত অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে থেকে পূরণ করা ব্যালট দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ওই বুথ পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান। এরপর সঙ্গে সঙ্গেই জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে এটি একটি অনিচ্ছাকৃত ভুল।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।
একই অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, “সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে।”
খবরওয়ালা/টিএসএন