ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও শতাধিক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। এই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। চলতি মাসে বা গত এপ্রিলে এক দিনে ডেঙ্গুতে এত রোগী হাসপাতালে ভর্তি হননি।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসে এ নিয়ে ১ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ মাসে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। গত মাসে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল।

দিন দিন ডেঙ্গুতে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। তিনি আজ গণমাধ্যমকে বলেন, অনেক দিন পর ডেঙ্গুতে রোগীর সংখ্যা শত পার হয়ে গেল। আবার এদিকে বৃষ্টি বাড়ছে। সঙ্গে আছে অসম্ভব আর্দ্রতা। সব মিলিয়ে এডিস মশার প্রজননের হার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া যায়, তবে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। চট্টগ্রামে ভর্তি রোগীর সংখ্যা ১৫। ঢাকা উত্তর সিটিতে ১০, দুই সিটি বাদে ঢাকায় ৬, খুলনা বিভাগে ২ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে একজন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৬৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৭৬ জন।
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।