সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১২ জন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ৯১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১ জন, খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৭২ জন, রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৮৮ জন, রংপুর বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৩ জন এবং সিলেট বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৭৬ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৬৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৮ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।



