খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 21শে আষাঢ় ১৪৩২ | ৫ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজশাহীর ভদ্রায় একটি ভবনের ফ্ল্যাটে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির খোঁজের নামে জনতা জড়ো করে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্ল্যাটটির মালিকের স্ত্রী হাবিবা আক্তার মুক্তা।
তিনি জানান, ‘ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ২ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির লিফটের ৫-এর ৬ নম্বর ফ্ল্যাটে আমরা থাকি। গত ৩ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে আমার একমাত্র মেয়ের স্বামীর ভাই মাহমুদ হাসান সিসিল একদল সন্ত্রাসী সঙ্গে নিয়ে আমার ফ্ল্যাটের সামনে ভিড় সৃষ্টি করেন। ওই সময় তারা বাড়ির ভেতর ঢুকে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেন এবং আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন, যা মূলত ডাকাতিরই শামিল। আমি তখন বাসায় একা ছিলাম। বিকেল ৪টার দিকে সিসিল আবার পুলিশের কিছু সদস্য ও স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে তল্লাশির নামে নাটক সাজান। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং সেই ফুটেজ আমাদের ও পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় আমি চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছি এবং পুলিশের কাছে প্রয়োজনীয় সব তথ্য জমা দিয়েছি।’
হাবিবা আক্তার মুক্তা আরও বলেন, ‘মব সৃষ্টির পেছনে সিসিলের উদ্দেশ্য হচ্ছে তার ভাই, অর্থাৎ আমার মেয়ের জামাই মেহেদী হাসান সিজারের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করা। আমার জামাইয়ের বাবা ছিলেন রাজশাহীর একজন পরিচিত ঠিকাদার, যিনি ২০২১ সালে মারা যান। তার মৃত্যুর পর রেখে যাওয়া মূল্যবান সম্পত্তি এককভাবে ভোগ করার লক্ষ্যে সিসিল নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি দেখাতে শুরু করেন।’
তিনি জানান, ‘এরই ধারাবাহিকতায় গত ২৯ জুন সিসিল সন্ত্রাসী সঙ্গে নিয়ে আমার জামাইয়ের বাড়িতে হামলা চালান। সিজার কোনোমতে আত্মগোপন করে প্রাণে বাঁচেন। যেহেতু আমি ও আমার স্বামী সিজারের শ্বশুর-শাশুড়ি, তাই আমাদেরকেও টার্গেট করে সিজারকে নিয়ন্ত্রণে আনতে এ পরিকল্পিত হামলা চালানো হয়।’
মুক্তা আরও বলেন, ‘এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মূলত সম্পত্তি দখলের লক্ষ্যে এ হামলা ও ষড়যন্ত্র করা হয়। যদিও সিসিল নিজে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কিছু নেতা-কর্মীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘আমার স্বামী ও জামাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে সিসিল তার ভাই সিজারকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আমাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, লুটপাট ও হত্যাচেষ্টার পরিকল্পনা করেন।’
খবরওয়ালা/এন