তেঁতুলিয়া সীমান্তে মানবপাচারকালে পাচারচক্রের দুই সদস্য আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

আটক দেলোয়ার হোসেন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং ইয়াছিন আলী একই উপজেলার শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, ভোরে শারিয়ালজোত বিওপির মেইন পিলার ৪৩৯ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দল পাচারচক্রকে চিহ্নিত করে ধাওয়া দেয়। এ সময় তারা দুই হিন্দু বাংলাদেশি নাগরিককে নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। টহল দলের ধাওয়া খেয়ে দুই ভুক্তভোগী ভারতের ভেতরে ঢুকতে সক্ষম হলেও পাচারচক্রের দুই সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।