‘তৌহিদী জনতার হুমকিতে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ’, সরকারের প্রতি ক্ষোভ নিপুনের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদ উপলক্ষে আয়োজিত ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা আশফাক নিপুন। বুধবার (১১ জুন) তিনি ফেসবুকে পোস্টে সরকারের প্রতি কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

গত ১০ জুন থেকে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শিত হচ্ছিল। ঈদ উপলক্ষে আয়োজকরা হলটি ভাড়া নিয়ে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেন। তবে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলের পর ‘তাণ্ডব’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কারণে মঙ্গলবার (১০ জুন) থেকে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

জানা গেছে, ঈদ উপলক্ষে কামরুজ্জামান (সাইফুল) ও সাজু মেহেদীর উদ্যোগে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে ‘তাণ্ডব’ ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেন। তবে এ উদ্যোগের বিরোধিতা করে গত শুক্রবার বিকেলে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। সেখান থেকে চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের একজন মাওলানা আবদুল্লাহ বলেন, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে। এ ছাড়া অসামাজিক কার্যকলাপ হতে পারে। সে জন্য হলটিতে সিনেমা প্রদর্শন বন্ধের জন্য বিক্ষোভ মিছিল করেছেন। প্রশাসনের কাছে বন্ধের জন্য লিখিত আবেদনও করা হয়েছে।

আশফাক নিপুন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতীতে “তাণ্ডব” সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনি এখনো পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবিলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সে রকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে? অবিলম্বে কালিহাতীতে “তাণ্ডব” প্রদর্শনের ব্যবস্থা করেন, যেকোনো পর্যটনকেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করেন এবং সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস আপনার মূল কাজ হওয়া উচিত এটা।’

এদিকে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হল ভাড়া করে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন বিষয়ে আয়োজক কামরুজ্জামান সাইফুল বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছিলাম। বিভিন্নভাবে আমাদের কাছে হুমকি আসতে থাকে। নিরাপত্তাহীনতার কারণে গতকাল সন্ধ্যা থেকে চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছি।’

অপর আয়োজক সাজু মেহেদী বলেন, ‘হলটি দৈনিক ১০ হাজার টাকা ভাড়ায় চলচ্চিত্র প্রদর্শনের জন্য জেলা পরিষদ থেকে অনুমোদন নেওয়া হয়। পাঁচ দিনের ভাড়া অগ্রিম জমা দেওয়া হয়। হলের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র মেরামত, টিকিট ছাপা ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। শুরু থেকে একটি মহল চলচ্চিত্র প্রদর্শনের বিরোধিতায় নামে। প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। পোস্টার লাগাতে দেয়নি তারা।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে তাঁরা সিনেমা চালাচ্ছিলেন। এদিকে বন্ধ করার জন্য আমার অফিসে আবেদনও করেছে। তবে আমি ছুটিতে রয়েছি।’ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ওই হল ভাড়া দিয়েছিলাম। সঙ্গে কিছু শর্তও দিয়েছিলাম, তার মধ্যে অন্যতম ছিল, সেখানে আইনশৃঙ্খলার অবনতি হলে সিনেমা চালানো বন্ধ করতে হবে। পরে কী হয়েছে আর জানি না।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করার দাবি নিয়ে কিছু লোক আমার কাছে এসেছিলেন। আমি তাঁদের বলেছেন, প্রশাসন অনুমতি দিয়েছে, এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। এটা আমাদের কাজ নয়। তবে আয়োজকদের নিরাপত্তাহীনতার বিষয়টি পুলিশকে জানাননি।’

এদিকে, ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সাংস্কৃতিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।

 

9k= ‘তৌহিদী জনতার হুমকিতে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ’, সরকারের প্রতি ক্ষোভ নিপুনের

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।