খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন মফস্বল ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে। মৃত ওই পুলিশ সদস্যের নাম রফিকুল ইসলাম (৪৮)।
ঘিওর থানা পুলিশ জানায়, কনস্টেবল রফিকুল ইসলাম রাত ৮ টা থেকে থানার অফিস গেটে দায়িত্ব পালন করছিলেন। রাত ১০ টা পর্যন্ত ছিল তার ডিউটি। সেখানে দায়িত্ব পালন শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রফিকুল। পরে তাকে আহত অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রফিকুল ইসলাম ২ সন্তানের জনক।
তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান। তিনি জানান, হঠাৎ তার ডায়াবেটিস শূন্য হওয়ায় তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, থানায় দায়িত্ব পালনকালে রাত সোয়া আটটার দিকে কনস্টেবল রফিকুল অসুস্থ হয়ে পড়েন। আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে, তাদের নির্দেশে রফিকুল ইসলামের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
খবরওয়ালা/জেআর