খবরওয়ালা, মফস্বল ডেস্ক: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে যোগ দিয়ে পুলিশ কমিশনার বলেন, “গতকাল রাতের ঘটনায় পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ সাড়া দিতে দেরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমি শুনেছি, আমার ওসি দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছেন। আমি এখানে দাঁড়িয়ে বলছি, তাকে বরখাস্ত করা হবে। যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি দেওয়া যাবে না।”
পুলিশ কমিশনার জানান, গত ১৭ বছর ধরে যারা অত্যাচার ও জুলুম চালিয়েছে, তারা এখন মাথাচাড়া দিচ্ছে। তবে তাদের কোনো অপকর্মই বরদাশত করা হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং রাতে চিরুনি অভিযান চালানো হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
বিক্ষোভস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/টিএ



