খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার (০৮ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।’
এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তার সঙ্গে আরও ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।
তারা সকালে ১০টার দিকে ঢামেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ৬ষ্ঠ তলার ৬১৭ নং ওয়ার্ডে আহতদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন। পরে পৌনে ১১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান।
উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেন। তারা বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের এলকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ১৫ জনকে আটকে পিটিয়ে আহত করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর ৫জনকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসা করার জন্য পাঠানো হয়েছে।
খবরওয়ালা/ এমবি