রাজধানীর যাত্রাবাড়ীতে দুপুরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক এনজিওকর্মীর ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার কাছে থাকা টাকা ও গহনা লুট করে নিয়ে যায়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সহকর্মীরা সাবিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আহত সাবিনা ইয়াসমিন মানবিক সাহায্য সংস্থা নামে একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।
আহতের সহকর্মী ফাতেমা বেগম জানান, অফিসের কাজে বাইরে গিয়ে হাঁটছিলেন সাবিনা। ধোলাইপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ তিন থেকে চারজন ছিনতাইকারী পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে চারটি আঘাত করে। এরপর তারা তার বেতনের ২৫ হাজার টাকা এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, সাবিনা রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেকে নেন। পরে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে গুরুতর জখম অবস্থায় সাবিনাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



