দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস, বাড়তে পারে নদ-নদীর পানি

দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রবিবার (৬ জুলাই) প্রকাশিত এক বুলেটিনে জানানো হয়, বৃষ্টির কারণে আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ নদ-নদীর পানি বাড়তে পারে।

বুলেটিনে বলা হয়, এখনো প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও স্থিতিশীল রয়েছে। তবে সোম থেকে বুধবারের মধ্যে এসব নদীর পানি বাড়তে পারে এবং সিলেটের কিছু এলাকায় সতর্কসীমা ছুঁয়ে ফেলতে পারে।

সিলেট অঞ্চলে আজ (রবিবার) মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত এবং পরবর্তী দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ব্রহ্মপুত্র নদে পানি বাড়ছে, যমুনায় পানি স্থির। আগামী ১১ জুলাই পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতে পারে।

এদিকে, গঙ্গা নদীর পানিও বাড়ছে, যা ১১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পদ্মায় পানি সমতল স্থিতিশীল এবং তা আগামী দুই দিন একই থাকবে।

চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বাড়ছে, তবে মাতামুহুরী ও হালদায় পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে এই নদীগুলোর পানিও বাড়তে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানির সমতল স্থিতিশীল থাকলেও আগামী তিন দিন হ্রাস পেতে পারে। এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উপকূলীয় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীগুলোতে স্বাভাবিক জোয়ার বিরাজ করছে, যা আগামী তিন দিন থাকবে। এসব এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরও একই পূর্বাভাস দিয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।