খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৩ই জুলাই ২০২৫, ১১:৫৮ এএম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর আলম তূষার (২৫) নামে এক তরুণ ব্যবসায়ী মারা গেছেন। শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার গতিয়ারচালা বাজারে নিজ দোকানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তূষার উপজেলার পাড়াগাঁও গ্রামের মো. আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় ‘জাহাঙ্গীর স্টোর’ নামের একটি মুদিদোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তূষার তার দোকানে ক্যাশবাক্সের টেবিলে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ হঠাৎ এসে তার ডান পায়ে কামড় দেয়। তূষার নিজ চোখে সাপটি দেখতে পান এবং দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে একটি প্রাইভেটকারে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, বাজারে এমন একটি ঘটনার পর এখন ভয় ও সতর্কতা বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে।
খবরওয়ালা/টিএস
মন্তব্য