খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। তিনি বিচার চাইতে গেলে উল্টো পুলিশের হুমকির মুখে তিন সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন। বুধবার (৯ জুলাই, ২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRAB) হলরুমে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে গৃহবধূ জানান, পারিবারিক একটি মামলার বিষয়ে সহযোগিতার কথা বলে আলমডাঙ্গা থানার কনস্টেবল এনামুল হক তার বাসায় নিয়মিত আসতেন। একপর্যায়ে এনামুল তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে এনামুল জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
পরের দিন তিনি আলমডাঙ্গা থানায় মামলা করতে গেলে ওসি (তদন্ত) আজগর আলী বিভিন্ন অজুহাতে গড়িমসি করতে থাকেন। পরে তিনি চুয়াডাঙ্গার তৎকালীন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালে অভিযুক্ত এনামুলকে অন্য জায়গায় বদলি করা হয়, কিন্তু ধর্ষণের মামলা রেকর্ড করা হয়নি।
এ ঘটনার পর এনামুল ক্ষিপ্ত হয়ে ওসি আজগর আলীর সহযোগিতায় কথিত কিছু সোর্সকে দিয়ে তাকে হয়রানি শুরু করেন। এনামুলের প্ররোচনায় এবং পুলিশের স্থানীয় কথিত সোর্স গুরু দাশের ছেলে মঙ্গল, জাকারিয়ার ছেলে সাচ্চু, দিলীপ কুমারের ছেলে দিপু, গৌরের ছেলে রিপন সংঘবদ্ধভাবে চলতি বছরের ২৫ এপ্রিল ওই গৃহবধূর বাসায় ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায় এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
এই ঘটনায় ভুক্তভোগী চুয়াডাঙ্গা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। আদালতের নির্দেশে গত ১২ মে মামলাটি আলমডাঙ্গা থানায় নথিভুক্ত হয়। কিন্তু ওসি আজগরের পরোক্ষ সহযোগিতায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। তিনি আরও জানান, মামলা তুলে নেওয়ার জন্য ওসি আজগরসহ আসামিরা তাকে ক্রমাগত হুমকি দিচ্ছে। ফলস্বরূপ, তিনি বর্তমানে তার তিন শিশু সন্তানকে নিয়ে ভয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন।
খবরওয়ালা/টিএস