খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তি। আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সন্দেহে শনিবার সকালে তাকে ধানমন্ডি এলাকা থেকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে অর্ণব দাস ধানমন্ডি-৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলেন এবং একপর্যায়ে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা চালান। সেখানে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ এড়াতে না পেরে তার চলাফেরা ও আচরণে চরম সন্দেহ তৈরি হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ণব দাসের বক্তব্যে অসংগতি ধরা পড়ে এবং আওয়ামী লীগের দলীয় রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার স্পষ্ট প্রাথমিক ইঙ্গিত মেলে। এরপরই কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে আটক করে সরাসরি ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সাংবাদিকদের জানান, ধানমন্ডি-৩২ এলাকা থেকে রাজনৈতিক সম্পৃক্ততার সন্দেহে এক ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তার জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং রাজনৈতিক পটভূমি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধানমন্ডি-৩২ ও এর চারপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই পুরো ধানমন্ডি এলাকার বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে শক্ত লোহার ব্যারিকেড বসানো হয়েছে।
এলাকায় সাধারণ পথচারীদের চলাচল নিরাপদ রাখতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের একাধিক টিমের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত সদস্য মোবায়েন করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু দৃশ্যমান টহলই নয়, ধানমন্ডি ও এর আশপাশের এলাকায় ছদ্মবেশে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর তৎপরতা রোধে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
মন্তব্য