ঢাকার ধামরাইয়ে ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনন্দ সুত্রধর (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর থুতনিতে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। প্রথমে তাঁকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনন্দ সুত্রধর ওই এলাকার বিষ্ণু সুত্রধরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আনন্দ সুত্রধরের বাড়িতে একটি ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী শ্রীদাম সুত্রধরের (৩০) সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে তা মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার বিকেলে এ নিয়ে একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিল।
তবে বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই দুপুরে একটি মোটরসাইকেলে করে শ্রীদাম ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি আনন্দের এলাকায় আসেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁরা আনন্দকে লক্ষ্য করে অন্তত তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তাঁর থুতনিতে লাগে। অপর গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা রক্তাক্ত অবস্থায় আনন্দকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমেদুল হক তিতাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় আনন্দকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর থুতনিতে দুটি গুলির আঘাত রয়েছে। শরীরে গুলি প্রবেশের চিহ্ন পাওয়া গেলেও বের হওয়ার কোনো চিহ্ন দেখা যায়নি। ফলে গুলি দুটি শরীরের ভেতরে রয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, আহত আনন্দ ও অভিযুক্ত শ্রীদাম একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী। কীর্তন অনুষ্ঠানে খাবার খাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার স্থানীয়ভাবে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই শ্রীদাম ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি মোটরসাইকেলে এসে আনন্দকে লক্ষ্য করে গুলি করেন। স্থানীয়দের কাছ থেকে তাঁরা অন্তত তিনটি গুলি ছোড়ার তথ্য পেয়েছেন। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, কীর্তনের খাবার খাওয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শনিবার স্থানীয়ভাবে বসে সমাধানের কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত শ্রীদামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তির পরিচয়ও শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।


