ধামরাইয়ে জমি বিরোধের জেরে আনসার সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে শাকিল হোসেন (২৬) নামের এক আনসার ভিডিপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে তিনি হামলার শিকার হয়ে গুরুতর জখম হন। পরে হাসপাতালে নেওয়ার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মিজানুর রহমান মিজান, মিয়াজউদ্দিন ও খাদেম আলী।

নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, খাগাইল গ্রামের মুকুল, রুবেল, স্বপনসহ কয়েকজনের সঙ্গে শাকিলের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে শাকিল খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে পূজামণ্ডপ দেখে ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে দেশীয় অস্ত্রধারীদের হামলার শিকার হন। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। শাকিলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে এবং তিনজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।